চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পুকুরে ডুবে শাহীন উদ্দিন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার ইছাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
শাহীন উদ্দিন ইছাখালী উত্তর ঘাটচেক ৫ নম্বর ওয়ার্ড লক্ষ্মীরখীল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। সে রাঙ্গুনিয়া স্কুলের দশম শ্রেণির ছাত্র।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা কামরুজ্জামান সুমন বাংলা ট্রিবিউনকে বলেন, দুপুর ১২টার দিকে কয়েকজন কিশোর উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে। এ সময় সজীব উদ্দিন (১২) নামে এক কিশোর পানিতে ডুবে যাচ্ছিল। তাকে বাঁচাতে এগিয়ে আসে বড় ভাই শাহীন। সজীবকে টেনে তুলতে পারলেও নিজে পুকুরে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে শাহীনকে উদ্ধার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুল আদন জানান, পুকুরে ডুবে শাহীনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার তাকে মৃত ঘোষণা করা হয়।








