আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার উৎসব সবার। দেশের সব মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। সরকার সেটা নিশ্চিত করছে এবং সেটা করে যাবে।’
সোমবার (৩ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সদরের শ্রী শ্রী রাধামাধব মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।’
আখাউড়া উপজেলার ২২টি পূজামণ্ডপের প্রত্যেকটিতে নিজ উদ্যোগে আট হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
এ সময় তার সঙ্গে ছিলে জেলা প্রশাসক শাহগীর আলম, পুলিশ সুপার মুহাম্মদ আনিসুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল প্রমুখ।








