রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার চাকমা সম্প্রদায়ের তরুণীকে (২১) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় যিশু চৌধুরী (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৭ অক্টোবর) রাতে নগরীর কোতোয়ালি থানার আন্দরকিল্লা রাজাপুকুর লেইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার এ তথ্য জানিয়েছেন। গ্রেফতার যিশু চৌধুরী রাঙামাটির বাঘাইছড়ি থানার করেঙ্গাতলী এলাকার সমীর চৌধুরীর ছেলে।
নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে জানান, গত ১৫ জুলাই রাতে ‘জরুরি আলাপ আছে’ বলে ওই তরুণীকে ঘর থেকে ডেকে নিয়ে যায় পূর্ব পরিচিত বিপ্লব বড়ুয়া। পরে ওই তরুণী ঘরে ফিরে না আসায় আশপাশে খোঁজাখুঁজি করেন তার মা। পরদিন ১৬ জুলাই ভোরে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের জানান, বিপ্লব বড়ুয়া তাকে বাড়ি থেকে ডেকে বড়ুয়াপাড়ার একটি বসতঘরে নিয়ে যায়। সেখানে যিশু চৌধুরীসহ কয়েকজন তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাঘাইছড়ি থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার পর থেকে যিশু চৌধুরী পলাতক ছিলেন।









