ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সিএনজিচালিত অটোরিকশাচালক সোহরাব ও অটোরিকশাচালক উজ্জ্বল হত্যা মামলার আসামি মো. আলমগীর হোসেন প্রকাশ শাহীনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২২ অক্টোবর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার আলমগীর প্রকাশ শাহীন থলিয়ারা গ্রামের আলাউদ্দিন প্রকাশ জিন্না মিয়ার ছেলে।
রবিববার (২৩ অক্টোবর) দুপুর ২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এসব তথ্য জানান।
তিনি বলেন, গ্রেপ্তার আলমগীর প্রকাশ শাহীনসহ অপর আসামিরা ২০১৫ সালের ২১ এপ্রিল সকাল ৭টায় যাত্রীবেশে বিজয়নগর উপজেলার সোহরাবের সিএনজিচালিত অটোরিকশায় ওঠে। পরে সোহরাবকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে। ২৬ এপ্রিল বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বোল্লা টানপাড়া ব্রিজের পশ্চিম পাশে পুকুরপারে হাত-পা বঁাধা অবস্থায় সোহরাবের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ওই দিনই সোহরাবের স্বজনরা বিজয়নগর থানায় একটি মামলা করেন। পুলিশ আদালতে প্রতিবেদন দিলে ২০১৯ সালের ১৫ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম আলমগীর প্রকাশ শাহীনসহ মামলার তিন আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সাজা ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন।
ভৈরব ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দীন বলেন, যাবজ্জীবন সাজা থেকে নিজেকে রক্ষা করতে আলমগীর ২০২২ সালের ৩১ জুলাই নিজের জাতীয় পরিচয়পত্র পরিবর্তন করে আল-আমীন, গ্রাম তেতৈইয়া নয়নাবাদ, ডাকঘর ভাটিয়াপাড়া, উপজেলা আড়াইহাজার ও জেলা নারায়ণগঞ্জ নাম ধারণ করে আত্মগোপন করে।
গ্রেপ্তার আলমগীরকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছিলেন তিনি।









