চট্টগ্রামের সাতকানিয়ায় ধর্ষণ মামলায় মোক্তার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৭ নভেম্বর) রাতে সাতকানিয়া থানাধীন বুরুমছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। সে সাতকানিয়া উপজেলার সিকদারপাড়া এলাকার মৃত আব্দুস ছালামের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, ভুক্তভোগী তরুণী চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন একটি এলাকায় তার মা ও ভাই-বোনসহ বসবাস করতো। আসামি মোক্তার আহমদ তার পাশের বাড়িতে বসবাস করতো। সে ওই তরুণীকে প্রায়ই কুপ্রস্তাব দিত। এতে রাজি না হলে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিতো। মোক্তার এলাকার প্রভাবশালী হওয়ায় ওই তরুণীর পরিবার ভয়ে কিছু বলতো না।
তিনি জানান, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টায় মোক্তার তার সহযোগী শিমুল ও আনু বেগমের সহায়তায় ভুক্তভোগীকে তার বাড়ির সামনের রাস্তা থেকে অপহরণ করে সিএনজিতে করে চট্টগ্রাম শহরে নিয়ে যায়। পরে অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণ করে। পরদিন ২৮ অক্টোবর আসামিরা ভুক্তভোগীকে অসুস্থ অবস্থায় বাঁশখালী থানাধীন কাতারিয়া এলাকায় তার আত্মীয়ের বাসার সামনে ফেলে রেখে পালিয়ে যায়।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, এই ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে সাতকানিয়া থানায় তিন জনকে আসামি করে মামলা করেন। সোমবার রাতে সাতকানিয়া থানাধীন বরুমছড়া এলাকা থেকে মামলার ১নং আসামি মোক্তার হোসেনকে গ্রেফতার করা হয়।








