রাঙামাটির কাপ্তাই উপজেলায় মোটরসাইকেলে পিকনিকের বাসের ধাক্কায় আব্দুল্লাহ আল হাসিব (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার বন্ধু।
শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কাপ্তাই সড়কের ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের বালুরচর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আব্দুল্লাহ আল হাসিব কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার এলাকার ফরেস্ট কলোনীর জামে মসজিদের ইমাম মাহবুব রহমানের ছেলে। তিনি কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) প্রথম বর্ষের ছাত্র। বিএসপিআই'র অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের বালুরচর নামক স্থানে চট্টগ্রামগামী পিকনিকের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলচালক হাসিব ও আরোহী তার বন্ধু রিয়াজুল ইসলাম সনেট (২০) আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে হাসিব মারা যান।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ওমর ফারুক রনি জানান, হাসপাতালের আনার আগেই আবদুল্লাহ আল হাসিবের মৃত্যু হয়েছে। আহত অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানান, লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









