নতুন বছরে প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।
দীপু মনি বলেন, ‘২০২৩ সাল থেকে প্রাথমিকে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে এবং মাধ্যমিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে। তাই এই শ্রেণির বইগুলো পরীক্ষামূলক সংস্করণ করছি। যদিও আমরা ২০২২ সালে পাইলটিং করেছি। কিন্তু তারপরও যেহেতু আমরা শিক্ষায় রূপান্তর ঘটাচ্ছি।’
আগের তুলনায় শিক্ষাক্রমে অনেক পরিবর্তন এসেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কীভাবে পাঠদান করা হবে, কীভাবে মূল্যায়ন করা হবে। এ সবকিছুতে ব্যাপক পরিবর্তন এসেছে। সেজন্য পুরো ২০২৩ সাল নির্দিষ্ট শ্রেণির বইগুলো পরীক্ষামূলক সংস্করণ হিসেবে যাবে। সারা বছর শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সবার কাছ থেকে আমরা মতামত নেবো। ২০২৪ সালে যে বইগুলো যাবে, সেখানে আমরা পরিমার্জন, সংযোজন ও বিয়োজন করবো।’
পাঠ্যবইয়ে ভুলভ্রান্তি কমে আসছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘অতীতে কিছু বইয়ে অনেক ভুল থাকলেও তা আমরা কাজ করে সংশোধন করে দিয়েছি। আশা করি, এবছর নতুন বইয়ে কোনও ভুল থাকবে না। তারপরও যদি কোথাও কোনও ভুল থেকে যায়, তা সঙ্গে সঙ্গে সংশোধন করা হবে।’
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য ও আটটি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা।
অনুষ্ঠানের শুরুতে ২০২৩ সালে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষামন্ত্রী। এছাড়া অসুস্থ সাংবাদিকদের মধ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ করেন তিনি।









