লক্ষ্মীপুরে দুই কোটি ৫৫ লাখ ছয় হাজার টাকা মূল্যের ৮৫ হাজার ২০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) বিকালে র্যাব-১১-এর সিপিসি-৩-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- চররমনী মোহন ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, একই ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য ইব্রাহিম এবং ইউনিয়নের যুবলীগ কর্মী আমির হোসেন।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মধ্য চররমনী গ্রাম থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৩৬টি এয়ার টাইট প্যাকেট ভর্তি ৮৫ হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করা হয়েছে। র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের নায়েব সুবেদার নুরুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেছেন।









