কক্সবাজারের টেকনাফের শীর্ষ মাদক কারবারি মোহাম্মদ রাসেলকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শিকদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেল ওই এলাকার মৌলভী গফুরের ছেলে।
বিকালে এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম বলেন, ‘শীর্ষ মাদক কারবারি মোহাম্মদ রাসেলের বাড়িতে ইয়াবা মজুতের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে গ্রেফতার করা। তার বাড়ির কাঠের স্তূপে লুকিয়ে রাখা ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।’
ওসি আরও বলেন, ‘মোহাম্মদ রাসেল শীর্ষ মাদক কারবারি। সেইসঙ্গে মানবপাচারে জড়িত। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। মাদক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।’









