ফেনীতে কোচিং সেন্টারে গোপন বৈঠকের অভিযোগে শিবিরের ২৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যায় শহরের শহীদুল্লাহ কায়সার সড়কের দিদার ভবনের ফোকাস কোচিং সেন্টার থেকে তাদের আটক করা হয়।
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, ‘তারা নাশকতা সৃষ্টির জন্য গোপন বৈঠক করেছিল। এজন্য অভিযান চালিয়ে আটক করা হয়।’
তবে আটককৃত কয়েকজন জানিয়েছেন, তারা ফোকাস কোচিং সেন্টারে ইফতার মাহফিলের আলোচনা সভার আয়োজন করেছেন। সেখান থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ৩০ জনকে আটক করলেও বাছাই করে ২৬ জনকে গ্রেফতার দেখানো হয়।
আটককৃতরা শিবিরের নেতাকর্মী বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন। এর মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মামলা আছে বলেও জানান ওসি।








