সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল। বুধবার (২১ জুন) সন্ধ্যায় নির্বাচন প্রত্যাখ্যানের বিষয়টি জানান তিনি।
জানা গেছে, নির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্ট বের করে দেওয়া ও প্রশাসনের একতরফা পক্ষপাতের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করেন। তার দাবি, তার দাবি, সবই নির্বাচন কমিশনের সাজানো নাটক।
এর আগে সকালে নিজের ভোট প্রদান শেষে তিনি তার প্রতিক্রিয়ায় জানান, অধিকাংশ কেন্দ্র থেকে লাঙ্গল প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তবে এমন অভিযোগ আনলেও নির্দিষ্ট করে বলতে পারেননি কোন কোন কেন্দ্র থেকে তার এজেন্ট বের করে দেওয়া হয়। এদিন সকাল সাড়ে ৯টার দিকে নগরীর আনন্দ নিকেতন স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর এই অভিযোগ করেন তিনি।
বুধবার সন্ধ্যায় ফল ঘোষণার পরপরই ফল প্রত্যাখ্যান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস শহীদ লস্কর বশির।
তিনি বলেন, নজরুল ইসলাম বাবুল অসুস্থ হয়ে পড়েছেন। তা না হলে এখন তিনি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যানের ঘোষণা দিতেন। তবে আমরা দ্রুত এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবো, যেসব জায়গায় অভিযোগ দাখিল করতে হয় সেসব জায়গায় করবো।
এদিকে, এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান এক লাখ ১৯ হাজার ৯৯১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। আর লাঙ্গলের প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট।









