কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে মো. ইউসুফ কালু নামে বাংলাদেশি এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জুন) রাত ৮টার দিকে টেকনাফের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
অপহৃত ইউসুফ কালু হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা এলাকার মৃত কামাল হোসেনের ছেলে। তিনি ওই ক্যাম্পে কাপড়ের ব্যবসায়ী। বিষয়টি নিশ্চিত করেছেন লেদা রোহিঙ্গা ক্যাম্পের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলম।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে মুখোশ পরে কয়েকজন অস্ত্রধারী গুলি চালিয়ে আশপাশের লোকজনকে ছত্রভঙ্গ করে দিয়ে ব্যবসায়ী কালুকে অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাম্পের পশ্চিমে পাহাড়ের দিকে নিয়ে গেছে। ঘটনার পরপরই বিষয়টি আর্মড পুলিশ ব্যাটালিয়নকে জানিয়েছি আমরা।’
এ বিষয়ে হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ‘ইউসুফ কালু বাংলাদেশি ব্যবসায়ী। তাকে পাহাড়ি সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছে বলে শুনেছি। ক্যাম্পের রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে জেনেছি, আলীখালির রফিক ওরফে বার্মাইয়া রফিক সন্ত্রাসী গ্রুপের সদস্যরা তাকে অপহরণ করেছে।’
অপহরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে বলে জানালেন টেকনাফ মডেল থানার ওসি আবদুল হালিম। তিনি বলেন, ‘ঘটনায় জড়িতদের ধরার চেষ্টা করছি। সেইসঙ্গে ওই ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চলছে।’








