যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন চট্টগ্রামের মীরসরাইয়ের রমিম উদ্দিন আহমেদ (২২) নামের এক তরুণ। মঙ্গলবার (১৮ জুলাই) রাত সাড়ে ৩টায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সন্ত্রাসীরা তার সঙ্গে থাকা গাড়ি ও টাকা ছিনতাইয়ের জন্য মাথায় গুলি করেছিল বলে জানা গেছে।
নিহত রমিম মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভালুকিয়া এলাকার বাদশাহ মিয়া সওদাগর বাড়ির প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদের ছেলে।
তার বড় ভাই রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ২০১৬ সালে আমার খালার সঙ্গে যুক্তরাষ্ট্রে যায় রমিম। সে স্থানীয় একটি কলেজে কম্পিউটার সাইন্সের ওপর পড়ালেখা করার পাশাপাশি মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের হ্যাম্পটন এভের ১১০০ ব্লকের একটি গ্যাস স্টেশনে চাকরি করতো। মঙ্গলবার স্থানীয় একদল সন্ত্রাসী তাকে গুলি করে হত্যা করেছে। সন্ত্রাসীরা তার সঙ্গে থাকা গাড়ি ও টাকার জন্য গুলি করেছিল বলে জানতে পেরেছি।
তিনি আরও বলেন, এই ঘটনায় যুক্তরাষ্ট্র পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। লাশ এখনও আমার স্বজনরা বুঝে পায়নি। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হলে দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিক মোহাম্মদ মঞ্জুরুল হক বলেন, গ্যাস স্টেশনে কাজ করছিলেন রমিম। এ সময় বাইরে দাঁড় করানো তার গাড়ির কাচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে একদল সন্ত্রাসী। তাদের বাধা দিলে এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জ্যাটাভিয়ন স্কট নামের ১৯ বছরের এক তরুণকে খুঁজছে পুলিশ।









