চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিক ও একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার আর নেই। বুধবার (২ আগস্ট) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজাদ তালুকদারের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি লিভার ক্যান্সারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
আজাদ তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তার মৃত্যুর সংবাদে তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং একইসঙ্গে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, খুব কাছে থেকে দেখা আজাদ তালুকদার ছিলেন এক নির্ভীক, নিবেদিতপ্রাণ সাংবাদিক। তার অকালমৃত্যু অত্যন্ত বেদনার। চট্টগ্রামের সাংবাদিকতায় তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
বুধবার বাদ জোহর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে প্রথম, দুপুর আড়াইটায় চট্টগ্রাম প্রেসক্লাবে দ্বিতীয় ও রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠে তৃতীয় জানাজার পর পারিবারিকভাবে আজাদ তালুকদারের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।








