ভারতের কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকের হাউজবোটে অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশির মৃত্যুর পর রাঙামাটির কাপ্তাই হ্রদের হাউজবোটের নীতিমালা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (১২ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ও অতিরিক্ত পুলিশ সুপার শাহ নেওয়াজ রাজু।
সভায় শনিবার ভোরে কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকের হাউজবোটে অগ্নিকাণ্ডে নিহত তিন বাংলাদেশির মৃত্যুর বিষয়টি উপস্থাপন করেন রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. আরিফুল আমিন। তিনি বলেন, ‘নিহতদের মধ্যে রাঙামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল ও কাপ্তাই সার্কেলের সহকারী পুলিশ সুপার লোপা মুদ্রার স্বামী প্রকৌশলী ইমন দাশ গুপ্ত ও তাদের এক বন্ধুর মৃত্যু হয়েছে।’
ওসি আরও বলেন, ‘কাপ্তাই হ্রদে হাউজবোটে কোনও নীতিমালা না থাকায় দিন দিন নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে উঠছে হাউজবোট। পর্যটকরা কে কোথায় রাতে থাকেন, কীভাবে থাকেন, তাদের নিরাপত্তার কী, সে বিষয়গুলো আমাদের জানা নেই। তাই পর্যটকরা রাতে কোন ঘাটে থাকেন। হাউজবোটগুলো অগ্নিনির্বাপক কী ব্যবস্থা আছে, সেগুলোর একটি নীতিমালা থাকা প্রয়োজন।’
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘কাপ্তাই হ্রদে যেসব হাউজবোট আছে, সেগুলোর দুর্ঘটনা এড়াতে দ্রুত সময়ের মধ্যে হাউজবোট মালিকদের সঙ্গে আলোচনা করে নীতিমালা তৈরি করা হবে। যাতে কাশ্মীরের মতো কোনও দুর্ঘটনা কাপ্তাই হ্রদে হাউজবোটে না ঘটে।’
এছাড়া সভায় জেলার আইনশৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে আটটি মামলা বেশি দায়ের করা হয়েছে। সেপ্টেম্বর মাসে খুন একটি, অস্ত্র আইনে একটি, মাদকদ্রব্য আইনে ২১টি, নারী ও শিশু নির্যাতন আইনে পাঁচটি ও অন্যান্য সাতটিসহ মোট ৩৫টি অপরাধ সংঘটিত হয়েছে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন সবাই। একইসঙ্গে মাদক নিয়ন্ত্রণ, শহরের যানজট ও চীবর দানের সময় আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়।









