চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার কেরানিহাট এলাকার ড্রিম হাউস কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- বরিশাল উজিরপুর কাউরেখা এলাকার স্বচিন্দ্র নাথ বৈরাগীর ছেলে মনমত বৈরাগি (২৫) ও চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাট এলাকার ইউনুচ আলীর ছেলে আরিফ হোসেন (২৩)।
এর মধ্যে মনমত বৈরাগী রয়েল নামে একটি কোম্পানির সেলস অফিসার হিসেবে কর্মরত। তারা লোহাগাড়ায় যাচ্ছিলেন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বাংলা ট্রিবিউনকে বলেন, মোটরসাইকেল আরোহী দুই যুবক লোহাগাড়া উপজেলার দিকে যাচ্ছিলেন। পিকআপ ভ্যানটি চট্টগ্রামমুখী ছিল। পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই জন পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।








