মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে নগদ দেড় লাখ টাকাসহ পাঁচ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের জমাদার গ্রামের সিদ্দীক ডাক্তার বাড়িতে এই ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্তরা হলেন ওই বাড়ির আব্দুর রহমান, খোরশেদ আলম, নুরুল আলম মানিক, শফিউল আলম ও নাছির উদ্দিন। অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
এ ছাড়া একই দিন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ইছামতি গ্রামের এয়ার আলী হাজী বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন বেশি ছড়িয়ে পড়ার আগে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা নিয়ন্ত্রণে নিয়ে আসায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
ইছাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মীর হোসেন জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে ৫টি বসতঘর পুড়ে মাটিতে মিশে গেছে। ঘরের একটি জিনিসও রক্ষা করা যায়নি। ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই সব কিছু শেষ হয়ে গেছে।
মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ‘ইছাখালী এলাকায় আগুনে ৫টি বসতঘর পুড়ে গেছে। ঘটনাস্থল অনেক ভেতরে হওয়ায় যেতে কিছুটা দেরি হয়েছে। তারপরও আমরা গিয়ে ওই বাড়ির আরও অনেকগুলো ঘর রক্ষা করতে পেরেছি। এ ছাড়া ওয়াহেদপুর ইউনিয়নের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় তেমন ক্ষতি হয়নি।’








