কক্সবাজারের টেকনাফে অপহৃত মোহাম্মদ সাইফকে (৯) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পসহ নাজিরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার এবং অপহৃতকে উদ্ধার করতে করা হয়।
বুধবার (১ মে) দুপুরে টেকনাফ সিপিসি-১ ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কর্নেল তানভির হাসান।
গ্রেফতাররা হলেন শালবন নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প ব্লক-এ/৫-এর আবুল ফয়েজ মাঝির ছেলে হাসান বশর (১৯), নাজিরপাড়ার ঠান্ডা মিয়ার ছেলে সেলিম (৪৭) ও তিন কিশোর।
লেফটেন্যান্ট কর্নেল তানভির হাসান বলেন, ‘গেলো ২৮ এপ্রিল মাদ্রাসা থেকে বাড়ির ফেরার পথে টেকনাফের নয়াপাড়া শালবাগান এলাকা থেকে সাইফ নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ করা হয়। এ ঘটনায় আমরা তৎপরতা বৃদ্ধি করে অভিযান পরিচালনা করি। পরে অপহৃত সাইফকে উদ্ধার করে অপহরণ চক্রের ৫ জনকে গ্রেফতার করা হয়।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সাইফকে অপহরণ করার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় মামলা করা হয়েছে।’









