চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে চার ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকাল ৫টার দিকে জেলার বোয়ালখালী উপজেলার জৈষ্টপুরা পাহাড়ে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত চার জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। তারা হলেন- বোয়ালখালী উপজেলার জৈষ্টপুরা এলাকার নেপাল দের ছেলে অমল দে (৪৮), ঝুনুরাম দের ছেলে বিধান দে (৫৫) ও অনিল চক্রবর্তী'র ছেলে লিটন চক্রবর্তী (৪০)। এর আগে আহত অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত অমল দের জামাতা রিপন দে বাংলা ট্রিবিউনকে বলেন, বোয়ালখালীর জৈষ্টপুরা পাহাড়ে আমার শ্বশুরের ক্ষেত-খামার আছে। সেগুলোর দেখভাল করার জন্য সেখানে যেতে হয়। আজ সেখানে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বন্য হাতির দলের সামনে আমার শ্বশুরসহ চার জন পড়ে যান। এতে হাতির আক্রমণে চার জনই আহত হন। এর মধ্যে আমার শ্বশুরসহ গুরুতর আহত তিন জনকে চমেক হাসপাতালে আনা হয়। চিকিৎসক চার জনকেই হাসপাতালের ক্যাজুয়াল্টি ওয়ার্ডে ভর্তি দিয়েছেন।
বোয়ালখালী থানার ওসি মো. আছহাব উদ্দিন বলেন, আজ বিকালে বন্য হাতির আক্রমণে চার জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত তিন জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বোয়ালখালীর জৈষ্টপুরা পাহাড়ে বন্য হাতির দল রয়েছে। বিভিন্ন সময়ে হাতির আক্রমণে আহত-নিহত হওয়ার ঘটনা ঘটে।









