বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মাস্টার রোল কর্মচারীরা। বুধবার (২ অক্টোবর) প্রধান র্নিবাহী কর্মকর্তা মো. শামসুল আলমকে অবরুদ্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা প্রধান নির্বাহী কর্মকর্তার কক্ষে তালাসহ নগর ভবনের প্রবেশ ও বাইরের পথে তালা ঝুলিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।
এদিকে সিটি করপোরেশনের অফিস সহকারী মাহাবুবুর রহমান নামের এক কর্মী আন্দোলনকারীদের মারধরে আহত হয়েছেন। এই কর্মী প্রধান নির্বাহীর কক্ষে দায়িত্ব পালন করেন।
পরিচ্ছন্নতাকর্মী মান্নান মিয়া জানান, তিনি কুমিল্লা নগরীর চার নম্বর ওয়ার্ড কাপ্তান বাজার এলাকায় কাজ করেন। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত চার ঘণ্টা ডিউটি করেন। পুরো মাস কাজ করে তিনি ৬৩০০ টাকা বেতন পান।
ময়লার গাড়িচালক হানিফ মিয়া বলেন, দৈনিক ৩৫০ টাকা মজুরিতে ১০ হাজার পাঁচশ টাকা হারে বেতন পাই। আবার যেদিন কাজ নাই, সেদিনের বেতনও নাই। কোনও ছুটি নাই, ভাতা নাই। কয়েক বছর কাজ করছি, চাকরি স্থায়ী করার কথা নেই।
ঝাড়ুদার ফাতেমা বেগম জানান, তিনিও সাড়ে ছয় হাজার টাকা বেতন পান, এ টাকায় তার সংসার চলে না।
এদিকে বিকাল ৪টা পর্যন্ত বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এদিকে পরিস্থিতি শান্ত করতে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।








