চাঁদা না পেয়ে হামলা-লুটের অভিযোগ, বিএনপি নেতা ‘কিং আলী’ কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ অক্টোবর ২০২৪, ০৮:২১আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৮:২১

চট্টগ্রামে কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর, লুটপাটের অভিযোগে করা মামলায় মামুন আলী ওরফে কিং আলী নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করে পাহাড়তলি থানা পুলিশ।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে নগর পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। গ্রেফতার মামুন আলী নগর বিএনপির সাবেক সদস্য। বর্তমানে তিনি কোনও পদে নেই বলে জানিয়েছেন বিএনপির মহানগর সদস্যসচিব নাজিমুর রহমান।

তিনি বলেন, ‘বিএনপিতে কোনও চাঁদাবাজের স্থান নেই। দলের নাম ভাঙিয়ে লুটপাট, চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বৃহস্পতিবার কিং আলী এবং তার ভাই লোকমান আলীর বিরুদ্ধে দখলচেষ্টা, মালামাল লুট, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ এনে পাহাড়তলি থানায় একটি মামলা করেন এন মোহাম্মদ ট্রেডিংয়ের ব্যবস্থাপক আরিফ মঈনুদ্দীন।

মামলার এজাহারে বলা হয়, ২০২১ সালে আতাহার ইশরাক নামে একজনের কাছ থেকে চুক্তিপত্র অনুযায়ী জায়গা ভাড়া নিয়ে ব্যবসা করে আসছে এন মোহাম্মদ ট্রেডিং। মূলত তাদের পাথরের ব্যবসা। গত বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে কিং আলীর ভাই লোকমান আলী তাদের প্রতিষ্ঠানে গিয়ে উচ্ছেদ এবং মালামাল লুটের হুমকি দেয়।

পরদিন বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিএনপি নেতা কিং আলীর নেতৃত্বে কমপক্ষে ২০০ ব্যক্তি দেশি অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে প্রতিষ্ঠানে প্রবেশ করে। এরপর গালাগাল এবং একপর্যায়ে মারধর শুরু করে কর্মচারীদের। এতে কয়েকজন আহত হন। মারধরের কারণ জানতে চাইলে আসামিরা প্রতিষ্ঠানে থাকা সিসিটিভি ক্যামেরা, প্রতিষ্ঠানের বিভিন্ন গাড়ি, পে-লোডার এক্সকাভেটর, ট্রাক, পানির পাম্পসহ বিভিন্ন জিনিস ভাঙচুর করে প্রায় দুই কোটি টাকার ক্ষতি করে। এরপর কিং আলী প্রতিষ্ঠানের অফিস কক্ষে ঢুকে নগদ ৩০ লাখ টাকা নিয়ে নেয় এবং প্রতিষ্ঠান চালাতে হলে আরও এক কোটি টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়। পরে তারা ১০ থেকে ১৫টি ট্রাক নিয়ে প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ প্রসঙ্গে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোটি টাকা চাঁদা না পেয়ে লুটপাট, ভাঙচুরের অভিযোগে করা মামলায় বিএনপি নেতা মামুন আলীকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান আছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের