অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘নির্বাচন কমিশনসহ সব সেক্টর দ্রুত সংস্কার করে নির্বাচন দিন। নির্বাচন নিয়ে কালক্ষেপণ করবেন না। কালক্ষেপণ জনগণ মেনে নেবে না।’
শনিবার (৯ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকায় দারুল আমান একাডেমির হলরুমে জেলা জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিকালে চন্দ্রগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনেও বক্তব্য দিয়েছেন।
চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের আগামীতে ভোট দেবেন না জানিয়ে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘গত ১৫ বছর ধরে অনেক নির্যাতন, হামলা-মামলা গুম-খুন ও নির্যাতনের শিকার হয়েছেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ। ছাত্র-জনতার আন্দোলনের মুখে খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যায়। কিন্ত এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। কোনোভাবেই গণতন্ত্রকে ব্যাহত হতে দেওয়া যাবে না। সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।’
জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি ফারুক হোসাইন নুর নবীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের ঢাকা উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম। সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির হাফিজ উল্যাহ, দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ, সহ-সেক্রেটারি মহসিন কবির মুরাদ ও জেলা শিবিরের সভাপতি মনির হোসেন প্রমুখ।








