চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আজ বুধবার (২৬ নভেম্বর) সকাল থেকে আদালত বর্জন কর্মসূচি পালন করছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।
আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত না হওয়ায় আদালতের কার্যক্রম চলছে না বলে জানিয়েছেন চট্টগ্রামে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার আমাদের একজন সহকর্মীকে ইসকনের সন্ত্রাসীরা নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনার প্রতিবাদে আমরা আইনজীবী সমিতির পক্ষ থেকে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে আজ বুধবার সারা দিন আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছি।’
এর আগে, মঙ্গলবার চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আদালত এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তার অনুসারীরা। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে আদালতপাড়া থেকে আইনজীবী সাইফুল ইসলামকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। আইনজীবীরা এ হত্যাকাণ্ডের জন্য ইসকন সমর্থকদের দায়ী করেছেন।
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। তার বাবার নাম জালাল উদ্দিন। ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান।
এদিকে, ঘটনার পর মঙ্গলবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা মাথার পট্টি, আন্দরকিল্লা, হাজারি গলি এলাকায় অভিযান চালিয়ে সাইফুল হত্যার সঙ্গে জড়িত পাঁচ জনসহ অন্তত ৩০ জনকে আটক করেছে যৌথ বাহিনী।








