বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন আন্তরিক হলে আগামী ডিসেম্বর মাসের আগেই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব। আর তা করা গেলে এই সরকার এবং মানুষের জন্য মঙ্গলজনক হবে। কারণ, আমরা দেখছি অনেক ষড়যন্ত্র হচ্ছে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করছেন। আমরা বলতে চাই, দেশের মানুষ যখনই ভোটের সুযোগ পেয়েছে তখনই ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করেছে। দেশের জনগণ প্রত্যাশা করে এই সরকার খুব দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনের ব্যবস্থা করে দেবে। এর মধ্য দিয়ে দেশের স্বাধীন সার্বভৌমত্ব ও গণতন্ত্র আরও শক্তিশালী হবে।’
সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে কুমিল্লার কান্দিরপাড়ে দলীয় কার্যালয়ের সামনে বিজয় দিবস উপলক্ষে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত র্যালির শুরুতে সমাবেশে এসব কথা বলেন তিনি।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগরের আহ্বায়ক উৎবাতুল বারী আবু ও জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন।








