চট্টগ্রামের মীরসরাইয়ে কিশোরীকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রবিবার (১ ফেব্রুয়ারি) জড়িত থাকার অভিযোগে বারইয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ইমাম হোসেন বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। ধর্ষণের ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে শনিবার রাতে জোরারগঞ্জ থানায় একটি মামলা করেছেন। মামলায় ইমাম হোসেনকে প্রধান আসামি করা হয়। অন্য আসামিরা হলো- হৃদয় (২৫) ও রানা (২৭)।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত ২৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বারইয়ারহাট পৌরসভার একটি গ্রামের পুকুরপাড় সংলগ্ন বাগানে নিয়ে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে আসামিরা। ঘটনা কাউকে না জানাতে হুমকি দিয়ে চলে যায় তারা। পরে ঘটনা জানাজানি হলে মামলা না করার জন্য কিশোরীর পরিবারকে চাপ দেয় আসামিরা। স্বজনদের সহযোগিতায় শনিবার রাতে তিন জনকে আসামি করে মামলা করা হয়।
এ ব্যাপারে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকি বলেন, ‘বারইয়ারহাটে ধর্ষণের ঘটনাটি শুনেছি। ছাত্রদল নেতা ইমাম হোসেনের জড়িত থাকার বিষয়ে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় কিশোরীর মা তিন জনকে আসামি করে মামলা করেছেন। মামলার এজাহারনামীয় প্রধান আসামি ইমাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।’









