বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রামে-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশ যখনই সংকটে পড়েছে, দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বিএনপি সব সময় সংকট উত্তরণে কাজ করেছে, জনগণের পাশে থেকেছে।’
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে ইপিজেড থানার আকবর আলী রোডের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় ‘ইউথ টক’ নামের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমির খসরু বলেন, ‘তরুণদের নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়বো। তরুণদের নিয়ে পলিসি করবো। আমাদেরকে তরুণদের মনের কথা জানতে হবে, তাদের চাওয়া-পাওয়া শুনতে হবে। তারা কী ভাবছে, তাদের চাহিদা কী, আমরা কোন কোন জায়গায় ভালো কিছু করতে পারবো, এগুলো জানা দরকার। এখান থেকে আমিও কিছু জ্ঞান নিয়ে গেলাম। দেশ গড়তে হলে সবাইকে নিয়ে গড়তে হবে। সবার কথা শুনতে হবে, বুঝতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা অন্য ফরমেটে ও তরুণদের কথা শুনবো। নাগরিকদের মনের কথা শুনবো। নাগরিকদের মনের কথা না শুনলে দেশ চালাবেন কী করে? তাদের সঙ্গে আমাদের যোগাযোগ বাড়াতে হবে। এটা অংশগ্রহণমূলক গণতন্ত্র, গণতন্ত্রের একটা অংশ।’
তানভীর আহমেদ ও সুমনের উদ্যোগে আয়োজিত তরুণদের নিয়ে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু।
আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম, সদস্য সরফরাজ কাদের রাসেল ও বিএনপির নেতা মো. আশরাফ প্রমুখ।









