চট্টগ্রাম মহানগরে আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠান স্টারশিপ কনডেন্সড মিল্ক কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত ১২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ৪০ মিনিট চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টা ৫২ মিনিটের দিকে স্টারশিপ কারখানায় বয়লার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নগরীর ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট গিয়ে বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ১২ জন আহত হন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শাহ এমরান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কারখানায় হঠাৎ বিস্ফোরণ থেকে আগুন লাগার খবর পাই সকাল ১০টা ৫২ মিনিটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে বেলা ১১টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে কারখানায় বিস্ফোরণ ঘটেছে এবং কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা তদন্তের পর বলা যাবে।’
তিনি বলেন, ‘আমরা যখন গিয়েছিলাম তখন আহত অবস্থায় কাউকে পাইনি। তবে কারখানার দায়িত্বরত এক কর্মকর্তা আমাদের জানিয়েছেন বিস্ফোরণে ১১ জন আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।’
বায়েজিদ বোস্তামী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ সোহেল বলেন, ‘স্টারশিপ কারখানায় বিস্ফোরণে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কারখানা কর্তৃপক্ষ হাসপাতালে পাঠায়।’









