দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আমিরাতে আটকা বাংলাদেশি ৩১ নাবিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ মার্চ ২০২৬, ২০:৩৩আপডেট : ০২ মার্চ ২০২৬, ২০:৩৩

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে আটকে পড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ এমভি বাংলার জয়যাত্রার ৩১ নাবিক দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সোমবার (২ মার্চ) এক ভিডিও বার্তায় তারা এ দোয়া চান। ভিডিওতে জাহাজটিতে থাকা সব নাবিককে দেখা গেছে।

৩৪ সেকেন্ডের ভিডিও বার্তায় জাহাজটির এক নাবিক বলেন, ‘আমরা এমভি বাংলার জয়যাত্রা জাহাজে কর্মরত। এ সংকটময় মুহূর্তে আল্লাহর ওপর ভরসা করে ধৈর্য ও পেশাগত দক্ষতার সঙ্গে সংকটময় পরিস্থিতি মোকাবিলা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, সচিব এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক স্যার নির্দেশনা দিয়ে আমাদের পাশে আছেন। সর্বাত্মক সহযোগিতা করছেন। এ সংকটময় মুহূর্ত আমরা সাহসীকতার সঙ্গে দ্রুত কাটিয়ে উঠবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

বিএসসি সূত্র জানিয়েছে, এমভি বাংলার জয়যাত্রা জাহাজটি ২৭ ফেব্রুয়ারি কাতারের মেসাইয়িদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বন্দরের ১০ নম্বর জেটিতে নোঙর করা জাহাজটির পণ্য খালাস কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল। তবে সোমবার আমিরাতের জেবেল আলী বন্দরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পণ্য খালাস শুরু হয়েছে বলে জানিয়েছে বিএসসি।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা পড়া এমভি বাংলার জয়যাত্রা জাহাজে ৩১ জন নাবিক-ক্রু আছেন। জাহাজের মাস্টারের সঙ্গে জুমে বৈঠক হয়েছে আমাদের। যখন প্রয়োজন হয় ভিডিও কলে কথা হচ্ছে। সবাইকে নিরাপত্তা ও সুরক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে। জাহাজে পানি-খাদ্যের পর্যাপ্ত মজুত আছে।’

কমডোর মাহমুদুল মালেক বলেন, ‘এটি ছাড়াও বিএসসির মালিকানায় থাকা আরও ছয়টি জাহাজ বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, লাইবেরিয়া, পাকিস্তান, সেনেগাল ও রাশিয়ার বিভিন্ন বন্দরে রয়েছে। এগুলো নিরাপদে আছে।’

এদিকে, এমভি বাংলার জয়যাত্রার নাবিকদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অচিরেই ‘উদ্ভুত সংকটময় এই পরিস্থিতির উন্নতি হবে’ আশা প্রকাশ করে ভিডিও বার্তায় মন্ত্রী বলেন, ‘কাতার থেকে স্টিল কার্গো নিয়ে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থানরত জাহাজের নাবিকরা চলমান সংঘাতময় পরিস্থিতির মধ্যেও যে সাহসিকতা, ধৈর্য ও পেশাদারত্বের পরিচয় দিচ্ছেন, তা জাতির জন্য গর্বের বিষয়। জাতীয় অর্থনীতিতে অবদান রাখার মহান দায়িত্ব পালন করতে গিয়ে তাদের এই দৃঢ় অবস্থান সরকারের কাছে অত্যন্ত মূল্যবান। জাহাজে অবস্থানরত ৩১ জন নাবিকের প্রত্যেকের পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং এই দুঃসময়ে সরকার তাদের পাশে আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নাবিকদের বিষয়ে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শিপিং করপোরেশন কর্তৃপক্ষ নিয়মিত ভার্চুয়াল সভার মাধ্যমে জাহাজের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে। নাবিক ও তাদের পরিবারের প্রয়োজনীয় সহায়তা দিতে চট্টগ্রামে বিএসসি সদর দফতরে একটি বিশেষ ‘কন্ট্রোল সেল’ গঠন করা হয়েছে। নাবিকদের ‘মনোবল অটুট রাখতে’ অতিরিক্ত সরবরাহের মাধ্যমে ‘উন্নতমানের খাবার ও প্রয়োজনীয় সামগ্রী’ নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে অবগত রয়েছে এবং সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। পাশাপাশি স্থানীয় এজেন্ট ও প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদেরও প্রয়োজনে সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছে। বাংলাদেশ সরকার ও বাংলাদেশ শিপিং করপোরেশন তাদের এবং তাদের পরিবারের পাশে দৃঢ়ভাবে রয়েছে এবং থাকবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট উত্তরণ সম্ভব হবে।

/এএম/ 
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি