চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি শনিবার সকাল ৮টা থেকে রবিবার (৫ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে গত ১ এপ্রিল থেকে এ পর্যন্ত জেলায় ১৪ জনের শরীরে হাম শনাক্ত হয়। এর মধ্যে নগরের আট জন এবং জেলার ছয় জন বাসিন্দা। রবিবার বিকালে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় হাম সংক্রামণের উপসর্গ নিয়ে নতুন করে আরও ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার সকাল থেকে ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত তারা ভর্তি হয়। তাদের বেশিরভাগই শিশু ও কিশোর। এ নিয়ে চলতি মাসের ১ এপ্রিল থেকে শনিবার পর্যন্ত ৯৫ জন হাসপাতালে ভর্তি হলো।’
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার জন্য ২০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজলস-রুবেলা ল্যাবরেটরিতে (এনপিএমএল) ল্যাবে পাঠানো হয়েছে। ঢাকার এনপিএমএল থেকে প্রাপ্ত ল্যাব রিপোর্টে এখন পর্যন্ত চট্টগ্রামে ১৪ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এই ১৪ জনের মধ্যে আট জন নগরের এবং ছয় জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। জেলায় এখন পর্যন্ত ২২১ জনের নমুনা সংগ্রহ করে এনপিএমএল ল্যাবে পাঠানো হয়েছিল।’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৪৫ জন ভর্তি হয়েছে। তাদের জন্য একটি পৃথক ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া প্রস্তুত রাখা হয়েছে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ।’









