এক ঘোষণায় চাকরি হারিয়ে বেকার আড়াই হাজার শ্রমিক

গাজীপুর প্রতিনিধি
০১ জুলাই ২০২৬, ২১:১৯আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৭:৩২

গাজীপুরে লিথী গ্রুপের পাঁচটি পোশাক কারখানা একযোগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এসব কারখানায় আড়াই হাজার শ্রমিক কাজ করতেন। একযোগে বন্ধ ঘোষণা করায় চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। 

বুধবার (১ জুলাই) সকালে এ ঘোষণা দেওয়ার পর থেকে বন্ধ কার্যকর করা হয়েছে। রাত পৌনে ৮টার দিকে কারখানার পরিচালক মনিরুজ্জামান বিষিয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

এর আগে সকালে কারখানার প্রধান ফটকে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। কারখানাটি গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত। লিথী গ্রুপের বন্ধ হওয়া পাঁচটি ইউনিট হলো- অ্যাপারেল-২১ লিমিটেড, ফমকম ফ্যাশন লিমিটেড, ফমকম ডাইং লিমিটেড, ফমকম প্রিন্টিং লিমিটেড এবং ফমকম নিটিং লিমিটেড।

কারখানা বন্ধের নোটিশে উল্লেখ করা হয়, গ্যাস কানেকশন বন্ধ থাকা, ক্রয়াদেশ কমে যাওয়া, ভবিষ্যতে ক্রয়াদেশের পূর্বাভাস না থাকা, বিগত বছরগুলোতে বার বার অযৌক্তিক শ্রমিক আন্দোলন, পণ্যের বিক্রয়মূল্য উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়া, সময়মতো ব্যাংকিং সহায়তা না পাওয়ায় নিয়মিত কারখানা লোকসান দিয়ে আসছে। বর্তমানে মালিকের পক্ষে কারখানা পরিচালনা করার মতো আর্থিক সামর্থ্য না থাকায় প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এজন্য বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

তবে ভবিষ্যতে কারখানা চালু এবং ব্যবসা পরিচালনার অনুকূল পরিবেশ তৈরি হলে পূর্বের পুরোনো দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট সব সংস্থা ও কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার সিদ্ধান্ত মোতাবেক বেতন ও পাওনাদি পরিশোধ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে কারখানার পরিচালক মনিরুজ্জামান বলেন, ‘এখন পরিবেশটাই এমন যে ব্যাংক থেকে সময়মতো অর্থাৎ যথাসময়ে ঋণ সাপোর্ট পাওয়া যাচ্ছে না। অর্থ সংকটে কারখানা বন্ধ করে দিতে হলো। তবে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সব বিভাগের কর্মকর্তা ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলেচনা করে সবার মতামত এবং সমঝোতার ভিত্তিতে তাদের পাওনা পরিশোধ করা দেওয়া হবে।’

বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকাশ আহম্মেদ বলেন, ‘লিথী গ্রুপের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় আড়াই হাজার শ্রমিক-কর্মচারীর ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে গেলো। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে পোশাকশিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতের সংকট কাটাতে দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন।’

হঠাৎ বন্ধ ঘোষণার প্রতিবাদে সকাল ১০টার দিকে লিথী গ্রুপের ফমকম ফ্যাশন কারখানার শ্রমিকরা কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কারখানার পাশে মানববন্ধন করেন তারা।

শ্রমিকরা জানান, আর্থিক সংকটের কারণ দেখিয়ে গত ৭ জুন থেকে ফমকম ফ্যাশন লিমিটেড কারখানা কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করে। এর আগে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের মে মাসের বেতন পরিশোধের জন্য ২৩ জুন নির্ধারণ করেছিল। কারখানা কর্তৃপক্ষ ঘোষিত নির্ধারিত সময়ে বকেয়া বেতন পরিশোধ করতে পারেনি। এ ঘটনায় মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ, কারখানা পুনরায় চালু এবং তাদের সব পাওনাদি বুঝিয়ে দেওয়ার দাবি জানান।

দুজন শ্রমিক জানিয়েছেন, কারখানা বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক সংকটে পড়েছেন শ্রমিকরা। আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হবে। বকেয়া বেতন না পাওয়ায় তাদের দুর্ভোগ আরও বাড়বে। সমস্যা সমাধানে মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ বিষয়ে গাজীপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপমহাপরিদর্শক প্রকৌশলী এম. এম. মামুন-অর-রশিদ বলেন, ‘ওই কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে দ্রুত সময়ের মধ্যে টঙ্গীতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কার্যালয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে শ্রমিকদের সমস্যার সমাধান করা হবে।’

/এএম/ 
সম্পর্কিত
গার্মেন্ট শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: মাহদী আমিন
পোশাক রফতানিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, ভরসা এখন যুক্তরাষ্ট্র
সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, আপত্তি বিজিএমইএ-বিকেএমইএর
সর্বশেষ খবর
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল