চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত ৩৩০ জন দুষ্কৃতকারীর মধ্যে এক নম্বরে থাকা জাহেদুল ইসলাম ওরফে পিচ্চি জাহেদকে (৩৫) কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (৩০ আগস্ট) রাতে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড়ের ভাঙ্গারগোড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী এ তথ্য জানান।
জাহেদুল ইসলাম পুরানগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালীনগর এলাকার মৃত মো. নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে মোটরসাইকেলে বাজালিয়া বাসস্ট্যান্ড থেকে বাড়ির উদ্দেশে রওনা হয় জাহেদুল। দক্ষিণ পুরানগড়ের ভাঙ্গারগোড়া এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা গুরুতর অবস্থায় জাহেদুলকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মহানগর পুলিশ জানিয়েছে, চলতি বছরের শুরুতে জননিরাপত্তার স্বার্থে নগরীতে ৩৩০ জন দুষ্কৃতকারীর প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওই তালিকার এক নম্বরে ছিল জাহেদুল ইসলাম ওরফে ‘পিচ্চি জাহেদ’। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযোগে একাধিক মামলা রয়েছে।
গত ১৯ জানুয়ারি দিবাগত রাতে সাতকানিয়ার পুরানগড় এলাকায় সেনাবাহিনী ও যৌথ বাহিনীর অভিযানে ১০৪টি ইয়াবা ও ১৫টি দেশীয় অস্ত্রসহ জাহেদকে গ্রেফতার করা হয়েছিল। পরে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সে এলাকায় ফিরে আসে। এর কয়েক মাসের মধ্যেই তাকে কুপিয়ে হত্যা করা হলো।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। কারা কী কারণে এবং এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’









