ফেনীতে আগামীকাল শনিবার ১১ দলীয় ঐক্যের লংমার্চকে স্বাগত জানিয়ে ফেনীতে জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল চলাকালে এ ঘটনা ঘটে।
জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান বলেন, সন্ধ্যায় স্বাগত মিছিলে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। এগুলো কারা করছে আপনারাই ভালো জানেন। এখন মাঠে কারা আছে জানে সবাই। এ বিষয়ে ইতোমধ্যে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।
এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা নাদেরুজ্জামান ও সেক্রেটারি মুহাম্মাদ শিহাব উদদীন।
বিবৃতিতে তারা বলেন, শান্তিপূর্ণ স্বাগত মিছিল চলাকালে দুর্বৃত্তদের এ ধরনের হামলা উদ্বেগজনক ও নিন্দনীয়। রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সবার রয়েছে। জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। ধলিয়া ইউনিয়নসহ সদর উপজেলার সর্বস্তরের নেতাকর্মী ও জনগণকে শান্ত থাকার এবং কোনো ধরনের উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বানও জানান জামায়াত নেতারা।
এ ব্যাপারে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

১১ দলের লালদিঘীর সমাবেশকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান







