জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

শেখ শাহরুখ, আন্তালিয়া, তুরস্ক থেকে
১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৩

জলবায়ু নীতিনির্ধারণে জীবাশ্ম জ্বালানি শিল্পের প্রভাবের সমালোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার থেকে সরে আসার প্রক্রিয়া দ্রুত করার পাশাপাশি গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে সরকারগুলোর প্রতি আরও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার তুরস্কের আন্তালিয়ায় ৩১তম জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ৩১) বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে বক্তব্য দেন গুতেরেস। তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীগুলো জলবায়ুবিজ্ঞানের তথ্য বিকৃত করছে। তারা নীতিগত সিদ্ধান্ত নিতে দেরি করাচ্ছে এবং জবাবদিহি দুর্বল করে দিচ্ছে।

বিশ্বনেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘জীবাশ্ম জ্বালানিরও ডাইনোসরের মতো বিলুপ্ত হওয়া উচিত। ডাইনোসরদের কোনো লবি (তদবির) ছিল না। কিন্তু জীবাশ্ম জ্বালানির লবি আছে।’

নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের প্রক্রিয়া দ্রুত, ন্যায়সংগত ও সুশৃঙ্খল করার আহ্বান জানান গুতেরেস। একই সঙ্গে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশগুলোর বর্তমান অঙ্গীকার যথেষ্ট নয়।

আন্তর্জাতিক জলবায়ু অঙ্গীকার অনুযায়ী বাস্তবে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে যে ঘাটতি রয়েছে, গুতেরেসের বক্তব্যে তা আবারও উঠে এসেছে।

২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ২৮ সম্মেলনে দেশগুলো জ্বালানি ব্যবস্থায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে ন্যায়সংগত, সুশৃঙ্খল ও সমতাভিত্তিক উপায়ে সরে আসতে সম্মত হয়েছিল। জলবায়ু পরিবর্তন মোকাবিলার গুরুত্বপূর্ণ এই দশকে পদক্ষেপ দ্রুত করার অঙ্গীকারও করেছিল তারা।

তবে সেই অঙ্গীকার বাস্তবায়নে অগ্রগতি এখনও সমান নয়। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে গিয়ে বিভিন্ন সরকার রাজনৈতিক, অর্থনৈতিক ও শিল্প খাতের চাপের মুখে পড়ছে।

জাতিসংঘ মহাসচিবের মতে, শক্তিশালী জীবাশ্ম জ্বালানি গোষ্ঠীগুলো কার্বন নিঃসরণ কমানোর প্রয়োজনীয় নীতি বাস্তবায়নে এখনও বাধা দিচ্ছে। তিনি বলেন, জ্বালানি ব্যবস্থার পরিবর্তনের সময় শ্রমিক, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও উন্নয়নশীল দেশগুলোকে সম্ভাব্য অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি থেকে সুরক্ষা দিতে হবে।

এমন এক সময়ে গুতেরেস এই বক্তব্য দিলেন, যখন বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী তিন দেশ চীন, যুক্তরাষ্ট্র ও ভারতের নেতারা সম্মেলনে অনুপস্থিত ছিলেন।

তবে তাদের অনুপস্থিতির অর্থ এই নয় যে, আলোচনায় দেশগুলোর কোনো প্রতিনিধি নেই। তারপরও বড় অর্থনীতির দেশগুলোর কাছ থেকে আরও জোরালো রাজনৈতিক নেতৃত্ব আদায় করা যে কঠিন, তা এই অনুপস্থিতি সামনে এনেছে।

বৈশ্বিক জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে এসব দেশের জ্বালানিবিষয়ক নীতি এবং নিঃসরণ কমানোর অঙ্গীকার গুরুত্বপূর্ণ। উন্নয়নশীল দেশগুলোর জন্যও বড় নিঃসরণকারী দেশগুলোর পদক্ষেপ গুরুত্বপূর্ণ। কারণ, জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কার্যক্রমে এসব দেশের সহায়তা পাওয়া অনেকাংশে তাদের পদক্ষেপের ওপর নির্ভর করে।

নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরকে অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার বিষয় হিসেবেও তুলে ধরেন গুতেরেস। তিনি বলেন, বিশ্বের প্রায় ৭৫ শতাংশ মানুষ এমন দেশে বাস করে, যেগুলো জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল। ফলে আন্তর্জাতিক সংঘাত, জ্বালানির বাজারে অস্থিরতা ও হঠাৎ দাম বেড়ে যাওয়ার ঝুঁকিতে থাকে এসব দেশের অর্থনীতি।

আমদানিনির্ভর কয়লা, তেল ও গ্যাসের ওপর অতিরিক্ত নির্ভরতা জাতীয় বাজেট, মূল্যস্ফীতি ও পরিবারের খরচ বাড়াতে পারে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করা গেলে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি বৈশ্বিক সংকটের কারণে তৈরি অর্থনৈতিক ঝুঁকিও কমানো সম্ভব।

তবে উন্নয়নশীল দেশগুলোকে এ পরিবর্তনের জন্য পর্যাপ্ত অর্থায়ন, প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতা দিতে হবে। একই সঙ্গে তাদের সাশ্রয়ী ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহের সক্ষমতাও বজায় রাখতে হবে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশগুলোর বর্তমান অঙ্গীকার প্রয়োজনের তুলনায় অনেক কম বলে সতর্ক করেন গুতেরেস।

তিনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণ প্রতিবছর প্রায় ৬ শতাংশ হারে কমাতে হবে। অথচ আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল অঙ্গীকারসহ দেশগুলোর বর্তমান জাতীয় জলবায়ু পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হলেও প্রয়োজনীয় নিঃসরণ হ্রাসের মাত্র এক-তৃতীয়াংশ অর্জন সম্ভব হবে।

বর্তমান অঙ্গীকারগুলো পুরোপুরি বাস্তবায়ন করা হলেও চলতি শতাব্দীর শেষ নাগাদ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেন তিনি।

এমন পরিস্থিতিতে তীব্র তাপপ্রবাহ, বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং অন্যান্য জলবায়ুজনিত দুর্যোগ আরও ভয়াবহ হয়ে উঠবে। এতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী আরও বিপদের মুখে পড়বে।

গুতেরেসের এই সতর্কবার্তা থেকে বোঝা যায়, প্যারিস জলবায়ু চুক্তিতে তাপমাত্রা নিয়ন্ত্রণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তার সঙ্গে বর্তমান জলবায়ু পদক্ষেপের যথেষ্ট মিল নেই।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্যও গুতেরেসের বক্তব্য গুরুত্বপূর্ণ। তাপমাত্রা বৃদ্ধি, উপকূলীয় ভাঙন, লবণাক্ততার অনুপ্রবেশ, ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতের অনিশ্চিত ধরনসহ নানা সমস্যার মুখে রয়েছে বাংলাদেশ।

এসব সমস্যা দেশের কৃষি, জনস্বাস্থ্য, পানির নিরাপত্তা, মানুষের জীবিকা এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নকে হুমকির মুখে ফেলছে।

বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর জন্য জীবাশ্ম জ্বালানি থেকে বৈশ্বিকভাবে সরে আসার পাশাপাশি পূর্বানুমানযোগ্য জলবায়ু অর্থায়ন, সাশ্রয়ী পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।

জ্বালানি ব্যবস্থার পরিবর্তনের ক্ষেত্রে বিভিন্ন দেশের অর্থনৈতিক সক্ষমতা ও উন্নয়নের প্রয়োজনীয়তার পার্থক্য বিবেচনায় নিতে হবে। জলবায়ু সংকট তৈরিতে যেসব দেশের অবদান তুলনামূলকভাবে কম, সেই সংকটের ব্যয় যেন তাদের অর্থনীতির ওপর না পড়ে, তা নিশ্চিত করতে হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং জলবায়ু অঙ্গীকারের সঙ্গে বাস্তব পদক্ষেপের মিল রাখার জন্য সরকারগুলোর প্রতি আহ্বান জানান গুতেরেস।

তিনি বলেন, ‘এই অভ্যাসে ইতি টানার এবং জীবাশ্ম জ্বালানির প্রতি আসক্তি শেষ করার সময় এসেছে।’

রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই, দেরি করার সুযোগ নেই।’

গুতেরেসের বক্তব্যের পর কপ৩১ সম্মেলনে সরকারগুলোর ওপর নতুন করে চাপ তৈরি হয়েছে। সম্মেলনে শুধু ঘোষণা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং উল্লেখযোগ্য হারে কার্বন নিঃসরণ কমানোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।

আন্তালিয়ায় আলোচনা চললেও বড় প্রশ্নটি এখনও রয়ে গেছে—রাজনৈতিক অঙ্গীকারগুলো শেষ পর্যন্ত পৃথিবী ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার মতো প্রয়োজনীয় অর্থ, নীতি ও বাস্তব পদক্ষেপে রূপ নেবে কি না।

/ইউএস/
সম্পর্কিত
জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
রেকর্ড গড়ে গোল, ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেইন
রেকর্ড গড়ে গোল, ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেইন
এক ভাইয়ের পেনাল্টি মিস, অন্য ভাইয়ের গোলে ফ্রান্সকে হারালো ইতালি
এক ভাইয়ের পেনাল্টি মিস, অন্য ভাইয়ের গোলে ফ্রান্সকে হারালো ইতালি
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা