লক্ষ্মীপুর শহরে চারটি জুয়েলার্স থেকে প্রায় ২২ ভরি স্বর্ণের গহনা নিয়ে রণজিত পাল নামে এক ব্যবসায়ী উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে নিজের দোকান ‘পাল শিল্পালয়’ খোলা রেখেই তিনি নিখোঁজ হন। পরে তার ভাড়া বাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি।
রণজিত পাল লক্ষ্মীপুর পৌর বাজারের স্বর্ণকার সড়কের পাল শিল্পালয়ের স্বত্বাধিকারী। তিনি শহরের শাঁখারীপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার বাড়ি শরীয়তপুর জেলায়।
স্বর্ণকার সড়কের তিন ব্যবসায়ী জানান, প্রায় ৩০ বছর ধরে রণজিত লক্ষ্মীপুর বাজারে ব্যবসা করছেন। অন্য ব্যবসায়ীদের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। এ বাজারে একজন ব্যবসায়ী অন্য দোকান থেকে গহনা এনে গ্রাহকদের দেখান এবং বিক্রি করেন। একইভাবে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রণজিত চারটি দোকান থেকে গ্রাহকদের দেখানোর কথা বলে প্রায় ২২ ভরি স্বর্ণের গহনা নেন। তবে পরে সেগুলো আর ফেরত দেননি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন তমা শিল্পালয়ের পলাশ কুরী, বণিক শিল্পালয়ের সাগর বণিক, পুনম শিল্পালয়ের ঝুটন কুরী ও শিবানী শিল্পালয়ের অসীম কর। তাদের স্বর্ণালংকার নিয়ে রণজিত পাল উধাও হয়েছেন অভিযোগ করে তারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর শাখার সভাপতি সমীর কর্মকার বলেন, ‘চার ব্যবসায়ীর স্বর্ণালংকার নিয়ে একজন ব্যবসায়ী পালিয়ে যাওয়ার ঘটনায় সবাই উদ্বিগ্ন। তার বাসায় গিয়েও কাউকে পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা লিখিত অভিযোগ করেছেন।’
সোমবার রাত ১০টার দিকে বক্তব্য জানতে রণজিত পালের মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। ঘটনার পর তিনি আত্মগোপনে থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বিষয়টি জানিয়েছেন। অভিযুক্ত ব্যক্তির অবস্থান সম্পর্কে খোঁজ নিতে তাদের বলা হয়েছে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।









