জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় জামায়াত নেতারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পরিবহন, কৃষি, শিল্প উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যসহ অর্থনীতির বিভিন্ন খাতে পড়বে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
তারা বলেন, ‘জনস্বার্থবিরোধী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তোলা হবে। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে।’
রাজশাহী মহানগর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দীন সরকারের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি ছিলেন মহানগরীর নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম। মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) রাজশাহী মহানগর সভাপতি সারোয়ার জাহান প্রিন্স, তরবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদ এবং জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি সালাহউদ্দিন আহমেদ।
সমাবেশে বক্তারা বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণের মতামত, জীবনযাত্রার ব্যয় এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া প্রয়োজন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ক্ষেত্রেও সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তারা।
নেতারা আরও বলেন, তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংকট রয়েছে। তাদের দাবি, জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে এবং কর্মসংস্থানের সুযোগ কমছে।
তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াত নেতারা। একই সঙ্গে জ্বালানি তেলের বর্ধিত মূল্য পুনর্বিবেচনার দাবি জানান তারা।
এ সময় মহানগর জামায়াতের সহপ্রচার ও মিডিয়া সেক্রেটারি মোস্তাফিজুর রহমান আশু, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, রাজপাড়া থানা আমির নূরুল ইসলাম মনি, কাশিয়াডাঙ্গা থানা আমির ফরিদ উদ্দিনসহ মহানগরী ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








