রাঙামাটির বাঘাইছড়ির পর্যটনকেন্দ্র সাজেকে ঘুরতে এসে মো. মাসুদুল আলম (৪১) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে কংলাক পাহাড়ে উঠতে গিয়ে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।
মাসুদুল আলম সাভারের আনন্দপুর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার তাহেরহুদা এলাকায়। তিনি সাভারের আনন্দপুর এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের আনন্দপুর থেকে ১৬-১৭ সদস্যের একটি পর্যটক দল খাগড়াছড়ি হয়ে চাঁদের গাড়িতে করে সাজেকে পৌঁছান। পরে তারা সাজেকের বাশরাড়ি রিসোর্টে রাতযাপনের জন্য কক্ষ বুকিং করেন।
এরপর ঘুরতে বের হয়ে বিকাল ৩টা ৩৫ মিনিটের দিকে কংলাক পাহাড়ে উঠতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাসুদুল। এ সময় তার সঙ্গে থাকা সহযাত্রীরা দ্রুত তাকে সাজেক পর্যটন এলাকার ফার্মেসিতে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পল্লিচিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সঙ্গীরা গাড়ি ভাড়া করে দীঘিনালা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফরোফা তাকে মৃত ঘোষণা করেন।
সহকর্মীদের ভাষ্যমতে, দুপুর ১টার দিকে প্রথমে অসুস্থ হয়ে পড়েন মাসুদুল আলম। এরপর সুস্থ হন। পরে কংলাক পাহাড়ে দ্বিতীয় দফায় জ্ঞান হারিয়ে ফেললে তাকে দ্রুত দীঘিনালা হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের প্রাথমিক ধারণা, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘সাভার থেকে ১৭ জনের একটি পর্যটক দল সাজেকে ঘুরতে আসেন। এর মধ্যে অসুস্থ হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।’









