চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ দাবি করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পদত্যাগ না করলে দিল্লির যন্তর মন্তরে ফের অনির্দিষ্টকালের অবস্থান ও দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে দলটি।
বৃহস্পতিবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে সিজেপির জাতীয় আহ্বায়ক অভিজিৎ দিপকে এবং সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রঙ্কা এ দাবি জানান। একই দিনে তারা সারা দেশে ‘ইলেকশন কমিশন ঠিক করো’ কর্মসূচির ঘোষণাও দেন।
দলটি জানায়, ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটির বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, যা মোট ভোটারের প্রায় ১৩-১৪ শতাংশ। মহারাষ্ট্র ও উত্তর প্রদেশে ২ কোটির বেশি এবং পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার কথা উল্লেখ করে অভিজিৎ দিপকে বলেন, গণতন্ত্র মানে জনগণ তাদের সরকার নির্বাচন করবে। এটা কোনও গণতন্ত্র নয়, এটি স্বৈরাচার।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়, ভোটার তালিকা সংশোধন ও কেন্দ্রীয় ডাটাভিত্তিক বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ১০ মাসে অন্তত ১৪ বার আপত্তি নথিভুক্ত করেছিলেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী। তবে নির্বাচন কমিশন এ দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমেই নেওয়া হয়েছে।
নতুন ভোটারদের ফর্ম-৬ ব্যবহারে জটিলতা, তথ্য কেন্দ্রীয়করণ এবং বাদ পড়া ভোটারদের নাম পর্যালোচনার অভাব নিয়ে সিজেপি ক্ষোভ প্রকাশ করেছে। সিজেপির সহ-আহ্বায়ক সৌরভ দাস বলেন, ভোটার নিবন্ধন ও তথ্য প্রাপ্তি অনুমোদনের প্রক্রিয়া ব্যাখ্যা না করে কমিশন নাগরিকদের ব্যবস্থার ওপর আস্থা রাখতে বলতে পারে না।









