চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার নাসিরাবাদ এলাকায় সরকারি গম অবৈধভাবে মজুতের অভিযোগে ‘ইউনাইটেড ফ্লাওয়ার্স মিল’ নামে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির গুদাম থেকে ১২০ দশমিক ০৫ টন বা ১ লাখ ২০ হাজার ৫০ কেজি সরকারি গম জব্দ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাতে এসআরবি-৭-এর উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদফতরের প্রতিনিধিদের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।
রোববার (১১ অক্টোবর) সকালে এসআরবি-৭-এর মুখপাত্র মোসলেহ উদ্দিন আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে সরকারি খাদ্যশস্য মজুত করে ব্যবসা পরিচালনা করছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে ইউনাইটেড ফ্লাওয়ার্স মিলে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির গুদামে অবৈধভাবে মজুত করা সরকারি খাদ্য অধিদফতরের ১ লাখ ২০ হাজার ৫০ কেজি গম পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেন এবং গম জব্দ করেন।