চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের তক্তারপুল এলাকায় বাড়ির পাশে ছুরিকাঘাতে আব্দুস সোবহান (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুস সোবহান নগরের বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকার নুর ইসলামের বাড়ির নুর ইসলামের ছেলে।
পুলিশ জানিয়েছে, আব্দুস সোবহান এলাকার চিহ্নিত মাদক কারবারি ছিলেন। তার বিরুদ্ধে হত্যা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় নিজ বাড়ির পাশে পূর্বশত্রুতার জেরে সোবহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার ভাই বাদশা তাকে চমেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, সোবহানের বিরুদ্ধে ১৮টি মাদক মামলা এবং একটি হত্যা মামলা ছিল। মাদক কারবারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধে তার নাম উঠে এসেছে।
এর আগে ২০২৫ সালের ২৫ জুলাই বাকলিয়ার আরাকান রোডসংলগ্ন গাফফার কলোনি এলাকায় মাদক কারবারি মহিউদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের পরিকল্পনায় সোবহানের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
পুলিশের দাবি, মাদক কারবারের নিয়ন্ত্রণ ধরে রাখতে ভাড়াটে খুনি দিয়ে মহিউদ্দিনকে হত্যা করান সোবহান। হত্যাকাণ্ডের পর তিনি নিজেই পুলিশকে ফোন করে হত্যাকারীকে গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারে সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে।
ওই হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে ২০২৫ সালের ৮ আগস্ট সোবহানকে গ্রেফতার করে পুলিশ।