ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ আল জাজিরাকে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের আগের অবস্থায় হরমুজ প্রণালি কখনও ফিরবে না। বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে গালিবাফ বলেন, আট মাস ধরে চলা সংঘাত শেষ করতে তেহরানের সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে এই গুরুত্বপূর্ণ জলপথের তদারকি নিয়ে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা হয়েছে।
তিনি বলেন, সেখানে কোনও মুক্ত জলসীমা (আন্তর্জাতিক জলসীমা) নেই এবং ১৯৮২ সালের (জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন) প্রণালিটিতে প্রযোজ্য নয়। হরমুজ প্রণালির ভেতরের বিধিবিধান নিয়ন্ত্রিত হয় এর সীমান্তবর্তী দুই উপকূলীয় দেশের আইনে।
গালিবাফ জানান, কাতারি মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে তেহরান স্পষ্ট জবাব দিয়েছে, যাতে শান্তি আলোচনার সাত শর্ত রয়েছে। এখন তারা আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায়। তিনি বলেন, বল এখন আমেরিকার কোর্টে।
প্রধান আলোচকের বর্ণনা অনুযায়ী ইরানের শর্তের মধ্যে আছে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ ও নিষেধাজ্ঞা তুলে নেওয়া, ইরানের জব্দ অর্থ ছাড়, সব ফ্রন্টে লড়াই বন্ধ এবং যুদ্ধের অবসানের স্পষ্ট ঘোষণা। তিনি বলেন, জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ এসব দাবি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে এগুলো বাস্তবায়ন জরুরি।
গালিবাফ বলেন, আমেরিকা যদি অতিরিক্ত দাবি না তুলে এবং অবিশ্বাস সৃষ্টি করে এমন আচরণ না করে শুধু যা সম্মত হয়েছে তাতেই সীমাবদ্ধ থাকে, তাহলে স্বাভাবিকভাবেই চুক্তি সম্ভব। তার ভাষ্য, চুক্তির পথে বাধা হলো যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের আস্থার অভাব।
তিনি আরও জানান, মস্কো সফরের সময় মার্কিন কর্মকর্তারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় মধ্যস্থতা করতে অনুরোধ করেছিলেন।
ইরানের ওপর নতুন মার্কিন হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে গালিবাফ বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরেকটি পরাজয় এবং জানুয়ারিতে দায়িত্ব নেওয়া নতুন কংগ্রেসের রাজনৈতিক চাপের মুখে পড়বেন। যুদ্ধও নয়, শান্তিও নয় অবস্থা থেকে বেরিয়ে আসতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়ে তিনি সামরিক সক্ষমতাসহ টেকসই প্রতিরোধ সক্ষমতা গড়ার আহ্বান জানান।
সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে চলমান লড়াই নিয়ে গালিবাফ বলেন, কারও হস্তক্ষেপ করা উচিত নয়। তার ভাষ্য, ইয়েমেন সরকার ও সৌদি আরব দুজনই যদি সাহায্য চায়, তাহলে তাদের সংঘাত নিরসনে ইরান অবশ্যই সহায়তা করবে।
অক্টোবরে সৌদি আরবে একের পর এক প্রাণঘাতী হামলার পর সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে আলোচনার সুবিধা দিতে ইরান আগেও প্রস্তাব দিয়েছিল।
সূত্র: আল জাজিরা
সৌদি আরবের সামরিক কমান্ড সেন্টারে হুথিদের হামলা