আ.লীগের সাবেক ৪ এমপি-প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর, পুলিশ বলছে ‘কেউ অভিযোগ করেনি’

পটুয়াখালী প্রতিনিধি 
২১ নভেম্বর ২০২৬, ২১:৩৬ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ২১:৩৬

পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক চার জন সংসদ সদস্য ও এক পৌর মেয়রের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বুধবার রাত থেকে শুক্রবার রাত ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কলাপাড়া উপজেলা শহরে পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মৃত আনোয়ার-উল ইসলাম ও সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মহিব্বুর রহমানের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। আনোয়ার ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। ২০২৪ সালে মারা যান। এ সময় দুই বাসায় হামলা চালিয়ে জানালার কাচ ভাঙচুর করে এবং ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে বাসায় থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। হামলার পর ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে পটুয়াখালী জেলা শহরের পুরানবাজার এলাকায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুন নেছার বাড়ির মূল ফটকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। তার পুত্রবধূ রোকসানা পারভীন বলেন, ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির সীমানাপ্রাচীরের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। বাড়িতে ঢুকতে না পেরে তারা মূল ফটকে ভাঙচুর চালায়।

লুৎফুন নেছা দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পটুয়াখালী জেলা কমিটির সহসভাপতি সুলতান আহমেদের স্ত্রী। 

তার আগে গত বুধবার রাতে পটুয়াখালী-১ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় কলাপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে সন্ত্রাসবিরোধী সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন। সভা শেষে উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপজেলা শহরে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মিছিল শেষে শুক্রবার রাতে সাবেক দুই সংসদ সদস্য ও সাবেক পৌর মেয়রের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।

রাত ৮টার দিকে কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির সহসভাপতি এস এম রাকিবুল আহসানের এতিমখানা এলাকার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এর প্রায় আধা ঘণ্টা পর সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মহিব্বুর রহমানের কলাপাড়ার বাসভবনে ভাঙচুর চালানো হয়। তিনি আওয়ামী লীগের জেলা কমিটির সাবেক সহসভাপতি।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ূন শিকদার বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু লোক অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। এর প্রতিবাদে আমরা সন্ত্রাসবিরোধী সভা করি। যেভাবে ঘটনা প্রকাশ করা হচ্ছে, ততটা হামলা-ভাঙচুর হয়নি। হয়তো দরজায় চার-পাঁচটা আঘাত করা হয়েছে।’

হামলার বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমরা কিছুই জানি না। কোনও খবর পাইনি। এখনও কেউ কোনও অভিযোগ দেয়নি।’

সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘হামলার খবর পেয়ে সাবেক নারী এমপির বাসার সামনে পুলিশ পাঠানো হয়েছিল। এ নিয়ে কেউ কোনও অভিযোগ করেননি। পরে সেখান থেকে ফিরে আসে পুলিশ।’

 

/এএম/ 
সম্পর্কিত
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে ‘হামলা ও ভাঙচুরের’ অভিযোগ
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরানোয় ভারতে মেটার কার্যালয়ে যুব কংগ্রেসের বিক্ষোভ-ভাঙচুর
সর্বশেষ খবর
রাজস্থানের পঞ্চায়েত ভোটে কংগ্রেসের জয়জয়কার, কোণঠাসা বিজেপি
রাজস্থানের পঞ্চায়েত ভোটে কংগ্রেসের জয়জয়কার, কোণঠাসা বিজেপি
৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন
৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন
নাশকতা দমনে কঠোর সরকার, বদলাচ্ছে কৌশল 
নাশকতা দমনে কঠোর সরকার, বদলাচ্ছে কৌশল 
‘গোপালগঞ্জে মানুষের প্রয়োজন না হলে সরকার সেখানে থানা রাখবে না’
‘গোপালগঞ্জে মানুষের প্রয়োজন না হলে সরকার সেখানে থানা রাখবে না’
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন