পর্যটন মৌসুমকে ঘিরে কক্সবাজারে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘পর্যটন কার্নিভাল-২০২৬’। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতকে কেন্দ্র করে আয়োজিত এ কার্নিভালে পর্যটকদের জন্য রাখা হয়েছে বিনোদন, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারভিত্তিক নানা আয়োজন। আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগ দেশি-বিদেশি পর্যটকের আগমন বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে কক্সবাজারের পরিচিতি আরও বাড়াবে।
রবিবার বিকালে কক্সবাজারের হোটেল শৈবাল সৈকত প্রাঙ্গণ ও সৈকতসংলগ্ন ঝাউবাগান এলাকায় পরীক্ষামূলকভাবে এ কার্নিভালের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কক্সবাজারের নারী সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ কার্নিভালের ব্যবস্থাপনায় রয়েছে স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড। ‘Wave of Experience’ প্রতিপাদ্য এবং ‘Family Fun with Sun, Sea and Stars’ স্লোগান নিয়ে আয়োজিত এ কার্নিভাল চলবে আগামী তিন মাস। পর্যটকদের জন্য সাজানো হয়েছে নানা আকর্ষণীয় আয়োজন। পরিবার, শিশু, তরুণ ও বিদেশি পর্যটকদের জন্য থাকছে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার সুযোগ।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক (বিক্রয় উন্নয়ন ও জনসংযোগ) মোহাম্মদ এহসানুল কবীর বলেন, ‘কক্সবাজার শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অন্যতম সম্ভাবনাময় সমুদ্র পর্যটন গন্তব্য। এই পর্যটন কার্নিভালের মাধ্যমে আমরা দেশি-বিদেশি পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করতে চাই। আগামী তিন মাস নানা আয়োজনের মধ্য দিয়ে পর্যটকেরা কক্সবাজারের সৌন্দর্য, সংস্কৃতি ও আতিথেয়তার ভিন্নমাত্রা উপভোগ করতে পারবেন। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ পর্যটকদের অবস্থানকাল বাড়াবে, স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং আন্তর্জাতিক পর্যটন বাজারে কক্সবাজারকে আরও শক্ত অবস্থানে তুলে ধরবে।’
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, ‘কক্সবাজার বাংলাদেশের পর্যটনের প্রধান আকর্ষণ। এই পর্যটন কার্নিভালের মাধ্যমে আমরা শুধু একটি উৎসবের আয়োজন করছি না, বরং দেশের পর্যটনশিল্পকে আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য দেশি-বিদেশি পর্যটকদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও বিশ্বমানের পর্যটন অভিজ্ঞতা নিশ্চিত করা।’
‘সরকারের পর্যটন উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে কক্সবাজারে পর্যটন অবকাঠামো, সেবা ও বিনোদনের সুযোগ সম্প্রসারণে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন পর্যটকের সংখ্যা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন কক্সবাজারের নারী সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। তিনি বলেন, ‘কক্সবাজার শুধু একটি পর্যটন শহর নয়, এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্ভাবনার কেন্দ্র। পর্যটন খাতকে ঘিরে এ অঞ্চলের লাখো মানুষের জীবিকা ও কর্মসংস্থান গড়ে উঠেছে। তাই পর্যটনের বিকাশ মানে স্থানীয় মানুষের জীবনমানের উন্নয়ন। এই পর্যটন কার্নিভালের মাধ্যমে আমরা বিশ্বের কাছে একটি ইতিবাচক বার্তা দিতে চাই—বাংলাদেশ নিরাপদ, অতিথিপরায়ণ এবং আন্তর্জাতিক মানের পর্যটন আয়োজন করতে সক্ষম। আমরা চাই, পর্যটকেরা শুধু সমুদ্রসৈকত দেখে ফিরে যাবেন না; তারা এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, স্থানীয় পণ্য ও মানুষের আন্তরিকতাও সঙ্গে নিয়ে যাবেন।’
তিনি আরও বলেন, ‘একই সঙ্গে আমাদের দায়িত্ব পরিবেশ রক্ষা করা। কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রসৈকত ও জীববৈচিত্র্য সংরক্ষণ করেই পর্যটনের প্রসার ঘটাতে হবে। স্থানীয় জনগণ, ব্যবসায়ী, প্রশাসন ও পর্যটকদের সম্মিলিত অংশগ্রহণেই টেকসই পর্যটন নিশ্চিত করা সম্ভব।’
শামীম আরা স্বপ্না বলেন, ‘আমি আশা করি, এই কার্নিভাল কক্সবাজারকে ঘিরে নতুন বিনিয়োগ, নতুন কর্মসংস্থান এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটন ব্র্যান্ডিংকে আরও শক্তিশালী করবে।’
সরেজমিনে দেখা গেছে, কার্নিভালে রয়েছে আন্তর্জাতিক মানের বালুর ভাস্কর্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী, ফুড জোন, ক্রাফট ভিলেজ, কিডস জোন, ক্যাম্পিং, কায়াকিং, গো-কার্টিং, বিচ স্পোর্টস ও ওয়েলনেস কর্নারসহ প্রায় ১৬টি ভিন্নধর্মী জোন।
পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, শীত মৌসুমে প্রতিবছর বিপুলসংখ্যক পর্যটক কক্সবাজারে আসেন। দীর্ঘমেয়াদি এমন আয়োজন হোটেল-মোটেল, রেস্তোরাঁ, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা ও স্থানীয় উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। এতে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিও চাঙা হবে বলে তাদের প্রত্যাশা।
তবে শুধু আয়োজন করলেই হবে না, পর্যটকদের নিরাপত্তা, পরিচ্ছন্ন পরিবেশ, যানজট নিয়ন্ত্রণ ও মানসম্মত সেবা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, এসব বিষয় নিশ্চিত করা গেলে কক্সবাজারের প্রতি পর্যটকদের আস্থা বাড়বে এবং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পর্যটনের ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠবে।
সরকারের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে পর্যটন খাতকে দেশের অন্যতম সম্ভাবনাময় অর্থনৈতিক খাতে পরিণত করা। সেই লক্ষ্য বাস্তবায়নের পথে কক্সবাজারের এ পর্যটন কার্নিভালকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
প্রকৃতির অপার সৌন্দর্য, সমুদ্রের গর্জন আর উৎসবের আবহে মুখরিত কক্সবাজার এখন নতুন পর্যটন অভিজ্ঞতার অপেক্ষায়। আগামী তিন মাস দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায় বিশ্বের দীর্ঘতম এ সমুদ্রসৈকত আরও প্রাণবন্ত হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের।