ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর চট্টগ্রামমুখী সেতুর বিয়ারিং প্যাডে ত্রুটি দেখা দিয়েছে। সেতুতে অতিরিক্ত কম্পন অনুভূত হওয়ায় নিরাপত্তার স্বার্থে এর দুই লেনে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে পাশের নতুন সেতু দিয়ে ঢাকা ও চট্টগ্রাম উভয়মুখী যানবাহন চলাচলের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
রবিবার (২২ নভেম্বর) বিকাল ৫টা থেকে পুরোনো সেতুটির দুই লেন বন্ধ রয়েছে। দাউদকান্দি টোল প্লাজা ও সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রামমুখী সেতুর কুমিল্লা অংশের বিয়ারিং প্যাডে অতিরিক্ত কম্পন দেখা দেওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেতুর দুই লেন বন্ধ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিশেষজ্ঞদের একটি দল সেতুটি পরিদর্শন করবে। তাদের পর্যবেক্ষণের পর ত্রুটির প্রকৃতি এবং মেরামতকাজ শেষ করতে কত সময় লাগবে, তা নির্ধারণ করা সম্ভব হবে।
নির্বাহী প্রকৌশলী আরও জানান, যান চলাচল সচল রাখতে পাশের নতুন দুই লেনের সেতু দিয়ে দুই দিকের যানবাহন পারাপারের ব্যবস্থা করা হয়েছে। এতে বড় ধরনের যান চলাচল বিঘ্নের আশঙ্কা নেই বলে তিনি আশা প্রকাশ করেন।
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের এসপি মনজুর মোরশেদ বলেন, সড়ক ও জনপথ বিভাগ সেতুর ত্রুটির বিষয়টি পুলিশকে জানিয়েছে। মেরামতের জন্য চট্টগ্রামমুখী সেতুর দুই লেন বন্ধ রাখা হয়েছে। বিকল্প সেতু দিয়ে উভয়মুখী যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ প্রস্তুত রয়েছে। আশা করছি, এ কারণে যানজট বা জনভোগান্তি হবে না।
তবে বিষয়টি আরও আগে জানানো হলে সাধারণ মানুষকে সতর্ক করা এবং যান চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া সহজ হতো বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পুরোনো সেতুটি দিয়ে সাধারণত চট্টগ্রামমুখী এবং পাশের নতুন দুই লেনের সেতুটি দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল করে। এর আগেও মেরামতের প্রয়োজনে কয়েক দফা পুরোনো সেতুটি বন্ধ রাখা হয়েছিল। তখন বিকল্প সেতু দিয়ে উভয়মুখী যান চলাচল করায় যানজটের আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে মুন্সীগঞ্জের ভবেরচর ও কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ সদস্যদের সেতুর দুই প্রান্তে বাড়তি সতর্ক থাকতে হয়েছিল।