৩১ দিন পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন

কক্সবাজার প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৬, ১২:৩১ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৭

টানা ৩১ দিনের চেষ্টার পর কক্সবাজারের ইনানী এলাকার গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বিশেষ কারিগরি পদ্ধতিতে ৩০ ইঞ্চি কেসিং স্থাপনের মাধ্যমে কূপের বিভিন্ন স্থান দিয়ে বের হওয়া গ্যাসের আগুন নিভিয়ে ফেলা হয়। আগুন নিয়ন্ত্রণে আসায় এখন কূপটিকে নিরাপদ করার পাশাপাশি নতুন করে গ্যাস অনুসন্ধানের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

বাপেক্সের কর্মকর্তারা জানান, এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কারিগরি কার্যক্রম। কেসিং লাইনের সঙ্গে সংযুক্ত ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরিয়ে নেওয়া হয়। এতে কূপের মুখে গ্যাসের চাপ কমে আসে এবং ধীরে ধীরে আগুন নিভে যায়। এ প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন শুরু হচ্ছে কূপটির পরবর্তী কারিগরি কার্যক্রম। বাপেক্সের পরিকল্পনা অনুযায়ী, কূপের গভীরতা বিবেচনায় ড্রিল পাইপ পুনরায় প্রবেশ করিয়ে প্রায় এক হাজার ফুট পর্যন্ত খনন করা হবে। এ সময় কূপের ভেতরে প্রয়োজনীয় ড্রিলিং মাড ব্যবহার করা হবে, যা ভূগর্ভস্থ গ্যাসের চাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এক হাজার ফুট পর্যন্ত খনন সম্পন্ন হলে কূপটির ফরমেশন প্রেসার বা ভূগর্ভস্থ চাপের ভারসাম্য প্রতিষ্ঠার কাজ করা হবে। এরপর প্রয়োজনীয় মাড ব্যবহার করে ভূগর্ভ থেকে অনিয়ন্ত্রিতভাবে গ্যাস বের হওয়ার পথ স্থায়ীভাবে বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে। এসব কার্যক্রম সফল হলে কূপটিকে নিরাপদ অবস্থায় নিয়ে আসা সম্ভব হবে বলে আশা করছেন তারা।

বাপেক্সের বিভাগীয় প্রধান শ্যামল কুমার বালু বলেন, কেসিং স্থাপন এবং ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করায় আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। এখন ধাপে ধাপে কূপটিকে নিরাপদ করে ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য প্রস্তুত করা হবে।

তিনি আরও জানান, কূপটি সম্পূর্ণ নিরাপদ হওয়ার পর এলাকায় নতুন করে জিওলজিক্যাল সার্ভে ও সিসমিক সার্ভে পরিচালনা করা হবে। এসব জরিপের তথ্য বিশ্লেষণ করে ওই এলাকায় বাণিজ্যিকভাবে গ্যাসের মজুত রয়েছে কি না, তা মূল্যায়ন করা হবে। মূল্যায়নের ফলাফলের ভিত্তিতেই ভবিষ্যতে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর গ্যাস লাইনের মাধ্যমে বের হওয়া গ্যাসের দুটি নমুনা সংগ্রহ করেছেন বাপেক্সের কারিগরি কর্মকর্তারা।

বাপেক্সের ব্যবস্থাপক এসএম নাফিসুল আরফান জানান, নমুনা দুটি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। পরীক্ষার মাধ্যমে গ্যাসের রাসায়নিক গঠন, উপাদান ও গুণগত মান সম্পর্কে ধারণা পাওয়া যাবে। পাশাপাশি গ্যাসটির সম্ভাব্য বাণিজ্যিক মূল্যায়নেও এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাপেক্সের কর্মকর্তা রকিবুল হাসান জানান, নমুনা দুটির পরীক্ষার ফলাফলের ভিত্তিতে গ্যাসের গুণগত মান ও ভবিষ্যৎ অনুসন্ধানের সম্ভাবনা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানী ইউনিয়নের ছোট ব্রিজ এলাকায় একটি গভীর নলকূপ স্থাপনের কাজ চলাকালে হঠাৎ ভূগর্ভ থেকে প্রচণ্ড চাপে গ্যাস উদ্গীরণ শুরু হয়। কিছুক্ষণ পর পাশের বৈদ্যুতিক তার থেকে সৃষ্ট স্পার্কের কারণে গ্যাসে আগুন ধরে যায়। মুহূর্তেই পুরো এলাকা আগুনের লেলিহান শিখায় আচ্ছন্ন হয়ে পড়ে। এরপর থেকে টানা ৩১ দিন ধরে দিন-রাত জ্বলতে থাকে আগুন।

ঘটনার পরপরই বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিভিন্ন ধাপে গ্যাসের চাপ কমানো, নিরাপত্তাবেষ্টনী তৈরি, বিশেষ যন্ত্রপাতি স্থাপন ও কারিগরি বিশ্লেষণের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। শেষ পর্যন্ত শুক্রবারের সফল কারিগরি কার্যক্রমের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে।

দীর্ঘদিন ধরে আগুনের তাপ, ধোঁয়া ও নিরাপত্তাঝুঁকির কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছিল। আগুন নিয়ন্ত্রণে আসায় তাদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে বাপেক্সের কর্মকর্তারা বলছেন, আগুন নিভলেও কূপটিকে সম্পূর্ণ নিরাপদ করতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ বাকি রয়েছে। ভূগর্ভস্থ চাপ নিয়ন্ত্রণ, গ্যাসের প্রকৃতি নির্ধারণ এবং ভবিষ্যৎ অনুসন্ধানের প্রস্তুতি শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে বিশেষজ্ঞ দলের কার্যক্রম চলবে।

/আরএইচ/
সম্পর্কিত
কুয়াকাটায় সড়কে পার্কিং করা পরিত্যক্ত জিপে আগুন
চকবাজারে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
চকবাজারে বহুতল ভবনে আগুন
সর্বশেষ খবর
শূন্য খরচে মালয়েশিয়ায় নিয়োগকে স্বাগত, তবে স্বচ্ছতা বাড়ানোর আহ্বান এমডব্লিওএন’র
শূন্য খরচে মালয়েশিয়ায় নিয়োগকে স্বাগত, তবে স্বচ্ছতা বাড়ানোর আহ্বান এমডব্লিওএন’র
শাটডাউনের পর এবার সড়ক অবরোধের ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের
শাটডাউনের পর এবার সড়ক অবরোধের ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের
সাইবার হামলার শিকার এএফপি, বন্ধ কনটেন্ট প্ল্যাটফর্ম
সাইবার হামলার শিকার এএফপি, বন্ধ কনটেন্ট প্ল্যাটফর্ম
বারবার হোঁচট খাওয়ার কারণেই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি: রিজভী
বারবার হোঁচট খাওয়ার কারণেই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি: রিজভী
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি