গাজীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রী কবিতা দাসকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রবিবার বেলা ১১টার দিকে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবকের নাম বিক্রম সরকার ওরফে বিজয় সরকার (২৫)। তার বাড়ি কালিয়াকৈর উপজেলার ছোট কাঞ্চনপুর গ্রামে। তিনি সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের বিবিএ এর ছাত্র।
গাজীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. হারিছ উদ্দিন আহমেদ জানান, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২০১৫ সালের ১৩ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় স্থানীয় বিজয় সরণি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী কবিতা দাসকে (১৪) স্কুলের সামনে ছুরিকাঘাত করেন বিক্রম সরকার। কবিতা সেদিন টেস্ট পরীক্ষা দিতে স্কুলে যাচ্ছিল।
গুরুতর আহত কবিতাকে সহপাঠী ও স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর স্থানীয় লোকজন বিক্রমকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ওই দিনই কবিতার বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি হারিছ উদ্দিন আহমেদ এবং আসামিপক্ষে ছিলেন ফজলুল হক।
/জেবি/টিএন/
আরও পড়ুন:
যশোরে জাল নোট ও স্ট্যাম্পসহ আটক ২








