সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- পদ্মা সেতুর ১৪ নম্বর পাইলিংয়ের কাজ শেষ হয়েছে এবং এ পর্যন্ত পদ্মা সেতুর ৩৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তবে চলতি বর্ষাতে পদ্মা সেতুর কাজের কোনও বিঘ্ন ঘটবে না। আর সেতুর বেশির ভাগ কাজ হচ্ছে চীনে।
বুধবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার নীমতলা এলাকায় বিআরটিএ’র মোবাইল কোর্ট পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, একটি মোটরসাইকেলে দুজনের বেশি বসা যাবে না, কারণ তিনজন বসা বিপজ্জনক। মোটরসাইকেল চালকদের অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে, কারণ দুর্ঘটনা ঘটলে হাত-পা ক্ষতিগ্রস্ত হলেও তা ঠিক করা যাবে কিন্তু মাথায় আঘাত পেলে তাকে বাঁচানো সম্ভব হয় না এবং গাড়ির কাগজপত্র সঙ্গে রাখতে হবে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, আমাদের কিছু তরুণ রাজনীতিক আছে যারা মোটরসাইকেলে করে মহড়া দেয়, গাড়িবহরের সামনে ৩ জন আরোহীসহ মোটরসাইকেলে চড়ে। কারো অধিকার নেই আইন লঙ্ঘন করার। দেশ ও জাতির স্বার্থে এসব তরুণ নেতাকর্মীদের এই অনিয়ম বন্ধ করতে হবে। মন্ত্রী পুলিশকে আহ্বান জানিয়ে বলেন, তারা যেই হোক আইন অমান্য করলে তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল বাসার, সহকারী পুলিশ সুপার সামসুজ্জামান বাবু প্রমুখ।
উল্লেখ্য, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের নিমতলী এলাকায় মোবাইল কোর্ট চলাকালে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করা হয়। এছাড়া গাড়ির কাগজপত্র বা হেলমেট সঙ্গে না থাকায় বিভিন্ন মোটরসাইকেল আরোহীকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করে।
আরও পড়ুন: সাংবাদিক নেতা শওকত মাহমুদ কারামুক্ত
/এএইচ/আপ-এআর/








