নারায়ণগঞ্জে ৪ হাজার ২৪৪ বোতল বিদেশি মদ (হুইস্কি) উদ্ধার করেছে র্যাবের একটি টিম। তবে ওই সময়ে কাউকে আটক করা যায়নি। সোমবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ছানাউল্লাহ গঙ্গানগরে ওই অভিযানটি চালায় নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১।
র্যাব জানিয়েছে, একটি রফতানিমুখী গার্মেন্ট কারখানা তাদের বিভিন্ন দ্রব্যসামগ্রীর নামে বিদেশ থেকে কনটেইনারের মাধ্যমে অবৈধ পথে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মদ (হুইস্কি) আমদানি করত। এরপর তারা সেগুলো অত্যন্ত গোপনীয়তার সঙ্গে অন্য পরিবহন ও কালোবাজারে বিক্রি করত।
এদিকে দুপুরে আদমজীতে অবস্থিত র্যাবের সদর দফতরে সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর এএসপি মো. আলেপ উদ্দিন জানান, তাঁর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সোনারগাঁয়ের গঙ্গানগরস্থ জাহিদ হোসেনের মালিকানাধীন এমএম ট্রেড এপারেলস এর চার তলা বিল্ডিংয়ের ৩য় তলার দক্ষিণ পাশে একটি রুমের ভেতর অভিযান পরিচালনা করে। ওই সময়ে ৪ হাজার ২৪৪ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। এর আগেই র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদকের ডিলার ও মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত তিন মাদক বিক্রেতা জাহিদ হোসেন (৫৫), নাছির (৪৫) ও নাছিরের ম্যানেজার সুমন (৩৫)পালিয়ে যায়।
এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও পলাতক আসামিদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় যুবক গ্রেফতার
/এআর/







