রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের হরিণবাড়িয়া চরে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। অভিযানে গৌতমপুর এলাকা থেকে ১ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোর ৫টা থেকে সদর, কালুখালী ও পাংশা থানার প্রায় দেড় শতাধিক পুলিশ সদস্যরা ৭টি দলে ভাগ হয়ে এ অভিযানে অংশ নেয়।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম ফকিরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার হওয়া ডাকাত তুহিন মোল্লা (২২) কালুখালী মৃগী ইউনিয়নের আখরজানি গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গ্রেফতারকৃত তুহিন পুলিশের তালিকাভুক্ত ডাকাত।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম ফকির জানান, কালুখালী উপজেলার চর এলাকার মাধবপুর বাজার, হরিণবাড়িয়ার চর, রামনগর, গৌতমপুর ও পাংশা থানার নদী এলাকা হাবাসপুরে পুলিশের এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
/এমও/








