আশুলিয়ায় মোবাইল ফোন নিয়ে ভেতরে প্রবেশ করাকে কেন্দ্র করে শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এতে ওই কারখানার ১০ শ্রমিক আহত হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে আশুলিয়ার জামগড়া এলাকা ডিকে গ্লোবাল ফ্যাশন ওয়্যার কারখানায় এ ঘটনা ঘটে। এসময় শ্রমিকরা উত্তেজিত হয়ে কাজ না করে কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকে।
শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, আশুলিয়ার জামগড়া এলাকায় ডিকে গ্লোবাল কারখানার শ্রমিকরা মোবাইল ফোন নিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এসময় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের মোবাইল ফোন জমা রেখে তাদেরকে ভেতরে প্রবেশ করাতে চাইলে ওই কারখানার আকাশ নামের এক শ্রমিক প্রতিবাদ জানায়। পরে কারখানার মালিকপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে পোশাক শ্রমিক আকাশকে ব্যাপক মারধর করে।
এসময় ওই কারখানার অন্যান্য শ্রমিকরা এর প্রতিবাদ করলে মালিকপক্ষের লোকজন তাদের ওপরও হামলা চালায়। এতে কারখানার ১০ শ্রমিক আহত হয়। তাদেরকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় পোশাক কারখানার সব শ্রমিক ক্ষিপ্ত হয়ে উৎপাদন বন্ধ রেখে শ্রমিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও যে কোনও ধরনের অস্থিরতা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে বলেও তিনি জানান।
আরও পড়ুন-
পায়রা বন্দরকে ঘিরে তৎপর দালালগোষ্ঠী, ক্ষুব্ধ এলাকাবাসী
জবিতে বিভিন্ন ভবনে তালা, সড়ক অবরোধ
/এফএস/








