মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ঢাকা থেকে চাঁদপুরগামী যাত্রীবাহী লঞ্চের সঙ্গে বালু বোঝাই বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লঞ্চের ১০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার রাত ১০টায় নদীর চর কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,রাতে সদরঘাট থেকে প্রায় ৯ শতাধিক যাত্রী নিয়ে চাঁদপুর যাওয়ার পথে এমভি আরিফ মো:-২ লঞ্চটি মুন্সীগঞ্জের সীমানাধীন ধলেশ্বরী নদীর চর কিশোরগঞ্জ পৌছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লঞ্চটির সামনের অংশে ফাটল ধরে। তবে চালক লঞ্চটি দ্রুত তীরে ভিড়ানোয় অল্পের জন্য রক্ষা পায় যাত্রীরা। এ ঘটনায় আহত হন লঞ্চের অন্তত ১০ যাত্রী। তাদের এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করা হয়। তবে আহতদের মধ্যে দুজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.ইউনুচ আলী জানান, লঞ্চের যাত্রীরা সবাই নিরাপদে রয়েছে। আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাল্কহেডটি পালিয়ে গেছে।
/এমডিপি/







